পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে
পেনসিলভেনিয়ার আপার ডারবিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে বিশ্ব মা দিবস। ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় মায়েদের সম্মান জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী নারী-পুরুষ।
ইউএসপিএস-এর সহকর্মী ফরিদ ভাইয়ের বাসভবনে অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন কমিউনিটির বহু মা, পরিবার ও শুভানুধ্যায়ীরা। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, প্রাণবন্ত আড্ডা, কেক কাটা, ফটোসেশন এবং মায়েদের সম্মাননা প্রদান। অংশগ্রহণকারীরা বলেন, মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য এমন আয়োজন প্রবাস জীবনে এক অনন্য অনুভূতি তৈরি করে।
অনুষ্ঠানে উপস্থিত নারীরা বর্ণিল শাড়ি ও ঐতিহ্যবাহী পোশাকে অংশ নিয়ে পুরো পরিবেশকে করে তোলেন আরও প্রাণবন্ত ও নান্দনিক। বিশেষ করে “Happy Mother’s Day” ব্যাকড্রপের সামনে স্মৃতিময় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন সবাই।
এছাড়াও মা দিবস উপলক্ষে আপার ডারবির হিন্দু টেম্পলেও আরেকটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা এবং মায়েদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে দিবসটির গুরুত্ব তুলে ধরা হয়। বিভিন্ন কমিউনিটির মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে মিলনমেলায় পরিণত।
প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও এমন আয়োজন কমিউনিটির মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করেছে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা। বিশ্ব মা দিবসের এই উদযাপন যেন সকল মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার এক উজ্জ্বল প্রতিচ্ছবি হয়ে ওঠে।