পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম বর্হিবিশ্ব বাংলাদেশের জন্য তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশের জন্য তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৬ 250
বাংলাদেশের জন্য তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত

কূটনৈতিক রিপোর্টার

বাংলাদেশের জন্য তিনটি গুরুত্বপূর্ণ সুখবরের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেলিগেশন প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব সুখবর তুলে ধরেন।


ভিডিও বার্তায় রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, “আমি বাংলাদেশের জনগণের জন্য তিনটি সুখবর জানাতে চাই।”


প্রথম সুখবর হিসেবে তিনি জানান, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বহুল আলোচিত অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি (Partnership and Cooperation Agreement–PCA) চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, উভয় পক্ষের আলোচকরা চুক্তির খসড়া সম্পন্ন করেছেন।


উল্লেখ্য, ২৭ দেশের ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ বাণিজ্য, বিনিয়োগ, রাজনৈতিক ও কৌশলগত সহযোগিতার নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম এই ধরনের ব্যাপক সহযোগিতামূলক চুক্তি চূড়ান্ত করলো। চুক্তির আওতায় বাণিজ্য ও বিনিয়োগ ছাড়াও সুশাসন, মানবাধিকার, জ্বালানি, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো হবে এবং একটি কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলা হবে।


দ্বিতীয় সুখবর হিসেবে ইইউ রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন ইতোমধ্যে বাংলাদেশে কাজ শুরু করেছে। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে ইইউ স্বল্প ও দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক পাঠাচ্ছে। এর মধ্যে ৫৬ সদস্যের একটি দল দীর্ঘমেয়াদে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করবে এবং নির্বাচনের ঠিক আগে আরও প্রায় ৯০ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন। ইইউ পর্যবেক্ষকরা দেশের সব ৬৪ জেলায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন এবং নির্বাচন শেষে তাদের পর্যবেক্ষণ ও মূল্যায়ন প্রকাশ করা হবে।


তৃতীয় সুখবরের কথা জানিয়ে মাইকেল মিলার বলেন, বাংলাদেশের নাগরিক সমাজের ভূমিকা জোরদার করতে তহবিল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে কানাডা ও সুইজারল্যান্ডের সঙ্গে একটি যৌথ চুক্তি করেছে।


তিনি বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের জনগণ ও নাগরিক সমাজকে আরও শক্তিশালী করা, যাতে প্রত্যাশিত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত হয় এবং ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তাদের জবাবদিহির আওতায় রাখা সম্ভব হয়।


ইইউ রাষ্ট্রদূতের এই ঘোষণাগুলোকে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।