বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা
দীর্ঘদিনের সংকটের পর অবশেষে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) এলপিজি আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বিপিসির আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ অনুমোদন দেয় বলে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম।
অনুমোদনের ফলে সরকারিভাবে জি টু জি ভিত্তিতে বিদেশ থেকে এলপিজি আমদানির পথ খুললো। সংশ্লিষ্টরা আশা করছেন, আমদানি প্রক্রিয়া শুরু হলে বাজারে সরবরাহ বাড়বে এবং অতিরিক্ত দামের চাপ কমবে।
দেশে এক মাসের বেশি সময় ধরে এলপিজি সংকট চলছে। ১২ কেজির সিলিন্ডারের সরকারি দাম প্রায় ১৩০০ টাকা হলেও বাজারে তা ২৮০০ থেকে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে, অনেক জায়গায় টাকা দিয়েও সিলিন্ডার পাওয়া যাচ্ছিল না। বৈশ্বিক নিষেধাজ্ঞা ও সরবরাহ ঘাটতিকে সংকটের কারণ হিসেবে উল্লেখ করে আসছিলেন আমদানিকারকরা।
বিপিসি চেয়ারম্যান মো. আমিন উল আহসান ১০ জানুয়ারি মন্ত্রণালয়ে চিঠি দিয়ে এলপিজি আমদানির অনুমতি চেয়ে বলেন, বাজার পুরোপুরি বেসরকারি খাতনির্ভর হওয়ায় সংকটে সরকার কার্যকর হস্তক্ষেপ করতে পারছে না। সেই আবেদনের ভিত্তিতেই অনুমোদন দেওয়া হয়।
বিপিসি সূত্র জানায়, তুলনামূলক কম দামে এলপিজি পাওয়া যায়—এমন দেশগুলো থেকে আমদানি করা হবে। মধ্যপ্রাচ্যের কাতার, কুয়েত, সৌদি আরব, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইতোমধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে।